সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে তৈরি মুজিব: একটি জাতির রূপকার। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি শিগগিরই বিশ্বজুড়ে মুক্তি পাবে। সিনেমা হলে মুক্তির আগে এটি দেখানো হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ উৎসবেই প্রথমবারের মতো সিনেমাটি দেখতে পাবেন দর্শক। কানাডার টরন্টোয় ৭ সেপ্টেম্বর শুরু হয়েছে উৎসবটি। এ উৎসব চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
কানাডায় বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগামীকাল বেল লাইট বক্স সিনেমা ৭-এ মুজিব: একটি জাতির রূপকার প্রথমবারের মতো প্রদর্শিত হবে। সেখানে সিনেমার টিম ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের অনেকে। মুজিব সিনেমার পক্ষ থেকে টরন্টো উৎসবে থাকবেন এ সিনেমার তিন অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। মুজিব: একটি জাতির রূপকার সিনেমায় শুভ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিণত বয়সের চরিত্রে, শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন তিশা আর নুসরাত ফারিয়া আছেন শেখ হাসিনার চরিত্রে। এছাড়া তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও যুগ্ম সচিব মো. কাউসার আহাম্মদের উৎসবে উপস্থিত থাকার কথা।
বিশিষ্ট ব্যক্তিদের জীবনীনির্ভর সিনেমা নির্মাণে ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল সিদ্ধহস্ত। মহাত্মা গান্ধীকে নিয়ে তিনি ১৯৯৬ সালে নির্মাণ করেছিলেন দ্য মেকিং অব দ্য মহাত্মা। এর নয় বছর পর ২০০৫ সালে নির্মাণ করেন নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগটেন হিরো। আর এবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা নির্মাণ করলেন। গত মাসে একটি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মুজিব: একটি জাতির রূপকার সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল জানিয়েছিলেন টরন্টো উৎসবে সিনেমাটি প্রদর্শনের কথা। তিনি বলেন, ‘শেখ হাসিনা খুব আগ্রহী আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীর ব্যাপারে। বিশেষ করে সে দেশে, যেখানে অনেক বাংলাদেশীর বসবাস। সে বিবেচনায় টরন্টো উৎসবেই সিনেমাটির পর্দা উঠছে।’
শ্যাম বেনেগাল জানিয়েছেন, এ উৎসবে প্রদর্শনের পর এ বছরের যেকোনো সময় মুক্তি পাবে সিনেমাটি। যেহেতু এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা, তাই দুই দেশে একসঙ্গেই মুক্তি পাবে। বিশ্বের আরো অনেক দেশে মুজিব মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সিনেমাটি তৈরি হয়েছে বাংলা ভাষায়। অন্য ভাষাভাষীদের সুবিধার্থে হিন্দি ও ইংরেজি সাবটাইটেল করা হয়েছে।
গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ পেয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটির ট্রেলার। চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যাভিলিয়নে এ ট্রেলার প্রকাশনা অনুষ্ঠিত হয়েছিল। সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালসহ এর প্রধান অভিনয়শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন।










