রোহিত শেঠি পরিচালিত সর্বশেষ সিনেমা ‘সার্কাস’-এ আইটেম গানে দেখা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার একই নির্মাতার ‘সিংগাম অ্যাগেইন’-এ অন্যতম চরিত্রে দেখা যাবে তাকে।

অজয় দেবগনকে কেন্দ্র করে নির্মিত এই বলিউড ফ্র্যাঞ্চাইজিতে দীপিকার চরিত্র পুলিশ কর্মকর্তার। যাকে বলা হচ্ছে, লেডি সিংগাম। আর প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করতে এসে তারা ভাই-বোন হচ্ছেন।

অন্যান্য চরিত্রে রয়েছেন কারিনা কাপুর খান, রণবীর সিং ও অক্ষয় কুমার।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়, রোহিত শেঠির ‘সিংগাম অ্যাগেইন’-এ কাজ করতে পেরে দীপিকা পাড়ুকোন বেশ উচ্ছ্বসিত। রোহিতের কপ ইউনিভার্সে এবারই প্রথম কোনো নারী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এর মধ্যেই অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছেন দীপিকা। সব মিলিয়ে ৩৫-৪০ দিন শুটিং করবেন এ নায়িকা।

‘সিংগাম অ্যাগেইন’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন টাইগার শ্রফ। আগামী বছরের আগস্ট নাগাদ সিনেমাটি বড় পর্দায় আসার কথা রয়েছে।

‘সিংগাম’ নিয়ে রোহিতের কপ ইউনিভার্সের শুরু। এই ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর মধ্যে রয়েছে সিংগাম রিটার্নস, সূর্যবংশী ও সিম্বা। সবগুলো সিনেমাই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ‘সিংগাম অ্যাগেইন’ কতটুকু সাফল্য অর্জন করতে পারবে তা সময়ই বলে দেবে।