জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত জোকার নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলছে। এরই মধ্যে নতুন খবর দিলেন সিনেমার নির্মাতা টড ফিলিপস। তিনি জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন তিনি একটা গুহায় ঢুকে সিনেমার বাকি কাজ করতে চান। দর্শককে ঠিক সময়মতো সিনেমাটি দেখতে দিতে চান তিনি। সে জন্যই নিভৃতে কাজ করা প্রয়োজন। এ কথা জানানোর সঙ্গেই টড তার ইনস্টাগ্রাম থেকে সিনেমাসংশ্লিষ্ট দুটি নতুন ছবি প্রকাশ করেছেন। একটি ছবি লেডি গাগার ও অন্যটি জোয়াকিন ফিনিক্সের। তারা নিজেদের চরিত্রের সাজেই ছিলেন।
ছবি পোস্ট করে টড লিখেছেন, ‘শেষ হলো। এ দুজনকে ধন্যবাদ এবং ধন্যবাদ এমন একটা ক্রুকে, যাদের চেয়ে ভালো পাওয়া সম্ভব নয়। একটা গুহায় (এডিট রুম) পুরোপুরি ঢুকে যাব। সবকিছু জুড়তে হবে।’ ফিলিপসের পোস্ট করা ছবিতে দুই লাখের ওপর লাভ রিঅ্যাকশন পড়েছে।
সিনেমাটি নিয়ে দর্শক রবাবরই আগ্রহী। এর আগেও কয়েকটি ছবি প্রকাশ হয়েছিল লেডি গাগার। ছবিগুলো আসার পরপরই ভাইরাল হয়ে পড়ে। মূলত ২০১৯ সালের জোকার দর্শককে এখনো মুগ্ধ করে রেখেছে। সিনেমার সিকুয়াল আসবে সেটাই কেউ চিন্তা করেনি। সে সিকুয়াল নিয়ে আগ্রহ তো থাকবেই। বিশেষত লেডি গাগার সংযুক্তি এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। হার্লে কুইন চরিত্রে তাকে দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। ভ্যালেন্টাইনস ডেতে হার্লে ও জোকারের ছবিটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে।
গথামের রাস্তায় জোকার নতুন কী করবে ও আরখামের অ্যাসাইলামে ঠিক কী হচ্ছে, তা নিয়ে টু শব্দটি করছেন না টড ফিলিপস। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের অক্টোবরে। সিনেমা সম্পর্কে আর কিছু কবে জানানো হবে, তা টড ছাড়া কেউ জানে না।
সূত্র ও ছবি: ইয়ন










