বাংলাদেশ ও কলকাতায় তুমুল জনপ্রিয়তা পাওয়া ওয়েব সিরিজ তাকদীরের পর অভিনেতা চঞ্চল চৌধুরী ও সোহেল মন্ডল অভিনীত ‘বলি’ নামে আরেকটি ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে হইচইয়ে। শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় নির্মিত সিরিজটি আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সিরিজটির কাহিনী লিখেছেন নাসিফ ফারুক আমিন এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন। চিত্র নির্দেশনা করেছেন তাহসিন রহমান এবং সংগীত নির্দেশনায় ছিলেন ইমন চৌধুরী।

বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ ছেঁড়াদিয়ার ক্ষমতা দখলের লড়াইয়ের গল্পে নির্মিত এ ওয়েব সিরিজ নিয়ে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমরা চেয়েছি আমাদের কনটেন্ট হবে ট্রেন্ড সেটার, আমরা নতুন ধরনের গল্প বলব। ভিন্ন স্বাদের, ভালো মানের কনটেন্ট সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে পৌঁছে দেয়ার অব্যাহত প্রচেষ্টার ফসলই হচ্ছে বলি। সিরিজটি সবাই পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’

চঞ্চল চৌধুরী ও সোহেল মন্ডল ছাড়াও এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ইরেশ জাকের, সোহানা সাবা, সাফা কবির, লুত্ফর রহমান জর্জ, জিয়াউল হক পলাশ, কাজী রোকসানা রুমা, নাসির উদ্দিন খান প্রমুখ।