এবারের ঈদে মুক্তি পায় ছয়টি সিনেমা। এগুলোর মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ দর্শকের মধ্যে সাড়া পাচ্ছে।

প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে হল ভাংচুরের ঘটনাও শোনা গেছে। পাশাপাশি দর্শকের চাপ সামলাতে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর খবর এসেছে কোনো কোনো প্রেক্ষাগৃহ থেকে।

হল কর্তৃপক্ষ ফেসবুকে পোস্ট দিয়ে জানায়, বরবাদ দর্শকের ভালোবাসা ও বিপুল আগ্রহ এবং চাহিদার কারণে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫৫ থেকে বিশেষ শো চালু করা হয়েছে। প্রথমদিন প্রথম শো থেকে সব শো হাউজফুল যাচ্ছে।

বগুড়ার মধুবন হলের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান ইউনূস বলেন, ‘বহুদিন পর সিনেমা দেখে দর্শক হলের মধ্যে শিষ দিচ্ছে, তালি দিচ্ছে। অগ্রিম টিকিটের পাশাপাশি লম্বা লাইন দিচ্ছে কাউন্টারে। আশা করছি, বরবাদ নতুন ইতিহাস গড়বে।’

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ মুক্তি পায় ঈদের দিন। নির্মাতার ভাষায়, সিনেমাটি এখন সারা দেশে রমরমা ব্যবসা করছে।

এদিকে দর্শকের চাহিদা পূরণে এরই মধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তির পর বাড়ানো হয়েছে শো। খোঁজ নিয়ে জানা যায়, সিনেপ্লেক্সে ৩৪টি থেকে ৪৪টির বেশি শো করা হয়েছে। যমুনায় তিনটি থেকে নয়টি শো করা হয়েছে এবং লায়ন সিনেমাসে চারটি থেকে নয়টি শো করা হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ের রূপান্তর সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে বরবাদ। দর্শক চাপ সামলাতে মধ্য রাত থেকে শো চালাতে বাধ্য হচ্ছে হল কর্তৃপক্ষ।

বরবাদকে শাকিব অভিনীত সেরা সিনেমা বলে মন্তব্য করেছেন সিনেমা দেখে বের হওয়া অসংখ্য দর্শক। শাকিব ভক্ত সাব্বির এক দর্শক বলেন, ‘শাকিব খানের জন্যই সিনেমা হলে যাই স্কুলে পড়াকাল থেকে। গত ১৫ বছরে তার সব সিনেমা আমার দেখা, সে অভিজ্ঞতা থেকে বলছি, এখন পর্যন্ত শাকিব খানের শ্রেষ্ঠ সিনেমা ‘বরবাদ’।

ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমা ‘জংলি’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’, ‘জ্বিন৩’-এর মধ্যে দর্শক আগ্রহে শুরু থেকেই এগিয়ে ছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’। দর্শক এ সিনেমাগুলোও দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ইতিবাচক রিভিউ দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। কেউ কেউ বলছেন, বরবাদ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সিনেমা। আবার কেউ বলছেন, এটি শাকিব খানের ‘তুফান’-এর চেয়েও ভালো সিনেমা।