আমেরিকান লেখক ডেভিড ইলিয়ট গ্রানের বেস্ট সেলার বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’। এটি তার রচিত তৃতীয় নন-ফিকশন। ২০১৭ সালের ১৮ এপ্রিল বইটি প্রকাশ হয়। ট্রু ক্রাইম ঘরানার বইটি নিয়ে সিনেমা বানিয়েছেন আমেরিকান পরিচালক মার্টিন স্করসেসি। প্রধান চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি প্লেমন্সকে। কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। আগামী অক্টোবরে থিয়েটারে এটি মুক্তি পাবে। স্করসেসি জানালেন, সিনেমাটি নির্মাণ সহজ ছিল না।
সিনেমাকনে মুখোমুখি হয়েছিলেন পরিচালক মার্টিন স্করসেসি ও লিওনার্দো ডিক্যাপ্রিও। বৃহস্পতিবার বিকালে লাস ভেগাসে হওয়া প্রাণবন্ত আলোচনায় ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমা নির্মাণের নানা গল্প উঠে আসে। ডিক্যাপ্রিও প্রশ্ন করছিলেন, স্করসেসি উত্তর দিচ্ছিলেন। আধাঘণ্টা ধরে আলাপ চলে। মার্টিন স্করসেসি মজা করে বলেন, ‘সিনেমাটি বানানো আমার জন্য সহজ ছিল না। আমি নিউইয়র্কের অধিবাসী। আর যেখানে শুটিং করেছি, তা ছিল সম্পূর্ণ বিপরীত। সেখানে প্রেইরি ছিল। আর ছিল বুনো ঘোড়া, নেকড়ে ...।’
‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার চিত্রনাট্য নিয়ে শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন পরিচালক। আলাপের একপর্যায়ে তিনি জানান, শুটিংয়ের শেষদিন পর্যন্ত তিনি সিনেমাটির চিত্রনাট্য বারবার পরিবর্তন করেছেন।
ওকলাহোমার একটি প্রদেশ ওসেজ। সেখানে তেলের মজুদ আবিষ্কার হয়। তারপর রহস্যজনকভাবে হত্যা করা হয় সেখানকার নেটিভ আমেরিকানদের। সিনেমাটি বানাতে গিয়ে ওসেজ জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন মার্টিন স্করসেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাদের যথাযথভাবে উপস্থাপনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা প্রকৃত ঘটনাস্থলেই সিনেমাটির শুটিং করেছি। এমনকি ডাক্তারের অফিসও।’
১৯২০-এর দশকের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমার গল্প। শুটিংয়ের অধিকাংশ কাজ নিউ মেক্সিকোয় করা হয়েছে। বাকি অংশের কাজ হয়েছে ওকলাহোমায়। তাই বিষয়টি স্করসেসির জন্য মোটেও সহজ ছিল না। ওকলাহোমা ও ওসেজের বিস্তৃত প্রান্তরে খাপ খাইয়ে নিতে তাকে বেশ শ্রম দিতে হয়েছে।
মার্টিন স্করসেসির প্রতিটি উত্তর আগের উত্তরের চেয়ে বড় ছিল। তাই আধাঘণ্টার আলাপচারিতায় ডিক্যাপ্রিও তাকে মাত্র চারটি প্রশ্ন করতে পেরেছিলেন। একপর্যায়ে ডিক্যাপ্রিও বলেন, ‘আমাদের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে।’ স্করসেসি বেশি কথা বলার জন্য ক্ষমাপ্রার্থনা করেন।
সিনেমাকনে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছিল প্যারামাউন্ট। সে সময় উপস্থিত দর্শকদের স্করসেসি বলেন, ‘এটি বড় পর্দার সিনেমা। সেভাবেই আমরা সিনেমাটি বানিয়েছি। এর গল্প বয়ানে মহাকাব্যিক ব্যঞ্জনা আছে।’
বৃহস্পতিবার দুপুরের খাবারের আগে সিনেমাকনে এক আলাপের আয়োজন করা হয়। সেখানে স্করসেসি ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার প্রথম লুক প্রকাশ করেন। এ সিনেমায় ডি নিরো, রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, ব্রেন্ডান ফ্রেজার, জন লিথগো ও লিলি গ্ল্যাডস্টেনের মতো তারকাদের দেখা যাবে।
এদিন সিনেমাকনের পক্ষ থেকে মার্টিন স্করসেসিকে ‘লিজেন্ড অব সিনেমা’ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ ধরনের সম্মাননা এবারই প্রথম দেয়া হলো।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










