নতুন নাটক ‘হার্মাসিস ক্লিওপেট্রা’ নিয়ে মঞ্চ মাতাচ্ছে নাট্যদল ‘অনুস্বর’। রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গতকাল শুরু হয়েছে এ প্রদর্শনী। ২৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির প্রদর্শনী চলবে।
অনুস্বর নাট্যদলের নবম প্রযোজনা হার্মাসিস ক্লিওপেট্রা নাটকটি। এটি রচনা করেছেন রাহমান চৌধুরী আর নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী। অনুস্বর নাট্যদলটি ২০১৯ সালে যাত্রা করে। এরই মধ্যে তাদের নাটকগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্য রয়েছে ‘তিনকড়ি’ ও ‘মূল্য অমূল্য’। নতুন নাটক প্রসঙ্গে অনুস্বরের দলপ্রধান ও নির্দেশক মোহাম্মদ বারী বলেন, ‘মানুষের সবচেয়ে অদ্ভুত আবেগের নাম যদি হয় প্রেম, তবে তার চেয়ে বড় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কঠোর কঠিন বাস্তবতা। যুগে যুগে এ দুইয়ের গোলকধাঁধায় বহু দৃঢ়চিত্তের মানুষও কখনো কখনো পা বাড়িয়েছে ভুল পথে। আবার সময় ও স্বীকৃতির প্রয়োজনে কেউ দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে বাস্তবতা। প্রাচীন মিসরের প্রেক্ষাপটে প্রেম ও বাস্তবতা—এ দুইয়ের মধ্যে একটি বেছে নেয়ার রূঢ় বয়ান হার্মাসিস ক্লিওপেট্রা।’
বারী জানান, নাটকটি মঞ্চে আনার জন্য তিন মাস ধরে মহড়া করছেন শিল্পীরা। এরই মধ্যে তিনদিনের আবাসিক ক্যাম্প করেও মহড়া করেছেন। সোমবার বিকালে নাটকটির কারিগরি মহড়া হবে।
নাটকের গল্পে দেখা যাবে প্রাচীন মিসরের ইতিহাস থেকে উঠে আসা চরিত্র হার্মাসিস। বিদেশী শক্তির হাত থেকে মিসরকে রক্ষার জন্য দেবতাদের আদেশপ্রাপ্ত হন তিনি। এ দায়িত্ব নিয়ে কৌশলে ক্লিওপেট্রার প্রাসাদে ঢুকে পড়ে রাজজ্যোতিষীর কাজ নেন। ক্লিওপেট্রাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। কিন্তু হত্যা করতে ব্যর্থ হন। আর দেখা যায় তার পথে বাধা হয়ে দাঁড়ায় প্রেম, ছলনা ও বিশ্বাসঘাতকতা।
নাটকে হার্মাসিস চরিত্রে অভিনয় করবেন এস আর সম্পদ এবং ক্লিওপেট্রা চরিত্রে দেখা যাবে ফৌজিয়া করিম অনুকে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মেরিনা মিতু, যাজ্ঞসেনী মৌ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাইফ সুমন, মাহফুজ সুমন, পিয়ার মোহাম্মদ, নুরুজ্জামান সরকার। সংগীত পরিকল্পনা করছেন ইউসুফ হাসান অর্ক, পোশাক পরিকল্পনা করছেন তামান্না হক সিগমা।










