অনলাইন কন্টেন্ট প্লাটফর্ম ‘কোলাহল’ প্রায় এক বছর ধরে নানা ধরনের ভিজুয়াল কন্টেন্ট প্রকাশ করে যাচ্ছে। এবারের ঈদ উপলক্ষে তারা প্রকাশ করছে আফজাল হোসেনের দীর্ঘ সাক্ষাৎকার। প্রায় আড়াই ঘণ্টর সাক্ষাৎকারটি ঈদের দিন থেকে টানা তিনদিন ধারাবাহিকভাবে অবমুক্ত হবে মোট পাঁচটি প্লাটফর্মে। 

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় ‘কোলাহল উইথ আফজাল হোসেন’ শিরোনামের অনুষ্ঠানে মূলত বরেণ্য এ অভিনেতা-নির্মাতার জীবনের নানা আঙ্গিক নিয়ে আলোকপাত করা হয়েছে। একই সমঙ্গে এ অনুষ্ঠানের একটি বিশেষ সেগমেন্টে আড্ডায় অংশ নিয়েছেন আরো তিন তরুণ সাংবাদিক—অনিন্দ্য মামুন, শ্রাবণী রাখী ও অপূর্ণ রুবেল। 

কোলাহলের নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটি। স্বাধীন মিউজিক অ্যাপ, কোলাহল পডকাস্ট, তানভীর তারেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এ এক্সক্লুসিভ অনুষ্ঠান অবমুক্ত করা হবে। 

অনুষ্ঠানটি প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘খুব দীর্ঘ সময়ের পরিচয় নেই তানভীরের সঙ্গে। কিন্তু যত বছর ধরে ওকে চিনেছি, সে সময়টুকুতে আমাদের দুজনার একধরনের সৃজনশীল ভাবনার আদান-প্রদান হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি খুব জরুরি। সে কারণেই আড্ডাটা এত দীর্ঘ হলেও আমার আলাপ করতে খারাপ লাগেনি।’ অনুষ্ঠানের সঞ্চালক তানভীর তারেক বলেন, ‘আফজাল হোসেন আমাদের কাছে এক আরাধ্যজন। তার বর্ণিল ক্যারিয়ারের নানা ধররনের বাঁক রয়েছে। ক্ষেত্র রয়েছে। এ ধরনের ব্যক্তিত্বদের আমি মনে করি ২৫-৩০ মিনিটের অনুষ্ঠানে বাঁধা যায় না বা তার জীবনদর্শন নিয়ে এত অল্প সময়ে কোনো আলোকপাত করা যায় না। কোলাহল যেহেতু অনলাইন কন্টেন্ট প্লাটফর্ম, তাই কাজটি করতে চাইলাম। আমি মনে করি, নানা ধরনের অনুষ্ঠানের ভিড়ে আলোচনাটা এবারের ঈদের সবচেয়ে আলাদা ও অন্য রকম এক কথপোকথন। দর্শকদের কাছে এটি বিশেষ ঈদ উপহার।’