দুই নারীকে ধর্ষণের অভিযোগে টিভি তারকা ড্যানি
মাস্টারসনকে সম্প্রতি ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। রায়ের আগে তাকে সমর্থন
করে চিঠি লিখেছিলেন হলিউডের তারকা দম্পতি অ্যাশটন কুচার ও মিলা কুনিস। তবে ড্যানির
সাজা ঘোষণার পর ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তারা।
‘দ্যাট সেভেন্টিজ শো’ নামের টিভি সিরিজের
জন্য জনপ্রিয়তা পান ড্যানি। ওই অনুষ্ঠানে তার সহশিল্পী ছিলেন অ্যাশটন ও মিলা।
এক ইনস্টাগ্রাম ভিডিওতে অ্যাশটন কুচার বলেন,
ড্যানি মাস্টারসনের পক্ষে আমরা লিখেছিলাম। এর কারণে ভুক্তভোগীরা আঘাত পেয়েছেন- এ
বিষয়ে আমরা সচেতন।
২০১৫ সালে অ্যাশটনকে বিয়ে করেন মিলা কুনিস।
এ অভিনেত্রী বলেন, আমরা ভুক্তভোগীদের সমর্থন করি। আমরা আগেও করেছি, ভবিষ্যতেও করব।
অ্যাশটন জানান, ড্যানি মাস্টারসনকে তারা ২৫
বছর ধরে চেনেন। আদালতে মামলার পর তার পরিবারের পক্ষ থেকে চিঠি লেখার জন্য যোগাযোগ করা
হয়েছিল।
মিলা কুনিস জানান, বিচার ব্যবস্থা বা রায়ের
বৈধতা নিয়ে প্রশ্ন তোলার জন্য তারা চিঠি লেখেননি।
শুধু অ্যাশটন বা মিলাই নন, ড্যানি মাস্টারসনকে সমর্থন করেছিলেন ‘দ্যাট সেভেন্টিজ শো’র অন্য দুই সহকর্মী ডেবরা জো রুপ ও কাটউড স্মিথ।
১৯৯৮ থেকে ২০০৬ সালে কয়েক সিজনে প্রচার হয় টিভি সিরিজটি। এর মাঝেই ধর্ষণের শিকার হন বলে আদালতে জানান ওই দুই নারী।










