এবারের ঈদ নাটক নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তানজিম সাইয়ারা তটিনী। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। বছরের শুরুতেই ‘‌ ক্লোজ আপ কাছে আসার গল্প’র ‘‌সময় সব জানে’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। রোজার ঈদের মতো এ ঈদেও একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সিনেমা, নাটক,  ওয়েব দুনিয়ার জনপ্রিয় মুখ ইয়াশ রোহান। তিনিও ঈদে কয়েকটি নাটকে কাজ করেছেন। এ ঈদে বেশ কয়েকটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন ইয়াশ ও তটিনী।

এর মধ্যে ‘হঠাৎ বৃষ্টি’ নাটকে অভিনয় করেছেন তারা। এটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এতে দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী। নাটকটি ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে। 

নাটকটি নিয়ে জানতে চাইলে তটিনী বলেন, ‘হঠাৎ বৃষ্টির গল্পটা খুব চমৎকার। একটা মিষ্টি প্রেমের গল্প। এ ঈদে ইয়াশ ভাইয়ার সঙ্গে বেশ কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নাটকটি বেশ ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ এবারের ঈদে তটিনী ও ইয়াশকে পথিক সাধনের ‘প্রণয়’, মেহেদী রনির ‘অবাক কাণ্ড’ নাটকসহ তপু খান, তানভীর খায়েরের নাটকেও দেখা যাবে।

নাটকগুলো নিয়ে বলতে গিয়ে ইয়াশ বলেন, ‘এ ঈদে আমরা একাধিক নাটকে অভিনয় করেছি। আশা করছি নাটকগুলো দর্শকের ভালো লাগবে। তটিনীর মধ্যে অভিনয় নিয়ে সিরিয়াসনেস আছে।’ 

তটিনীর মিডিয়ায় যাত্রা হয়েছিল তার বিজ্ঞাপনে মডেল হিসেবে। শখের বশে মডেলিং শুরু করলেও সময়ের সঙ্গে বিজ্ঞাপনের সংখ্যা বেড়েছে। এরপর মডেলিং, পাশাপাশি অভিনয় শুরু করেন তিনি। মূলত তার অভিনয়ের যাত্রা মাহমুদুর রহমান হিমির ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৬৯’-এর মাধ্যমে। বিজ্ঞাপনের বাইরে তটিনী ওটিটি প্লাটফর্মে অভিনয় করেছেন। স্ট্রিমিং প্লাটফর্ম চরকির চলচ্চিত্র ‘এ মুহূর্তে’তে আলাদা তিনটি গল্প ছিল। এর মধ্যে পিপলু আর খানের পরিচালনায় ‘কল্পনা’য় অভিনয় করেছেন তটিনী।