আইসিটির পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম। তার এ নতুন দায়িত্ব যোগ হওয়ার পর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যে সেন্সরবোর্ড আগে ছিল, সেটি পুনর্গঠন করা হবে, বেশি বেশি সিনেমা বানাতে হবে।’
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘সেন্সর বোর্ডের পাশাপাশি আরো যে জুরি বোর্ড (জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সরকারি অনুদান) সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত। সার্বিকভাবে, আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা পূরণে বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।’
‘অমীমাংসিত’, ‘শনিবার বিকেল’, ‘রানা প্লাজা’, ‘মেকআপ’, ‘কাঠগোলাপ’, ‘আমার বাইসাইকেল’, ‘নমুনা’ চলচ্চিত্রগুলো দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে নীতিমালার মারপ্যাঁচে আটকে আছে। এসব চলচ্চিত্রের বিষয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অবগত রয়েছেন।
তিনি বলেন, ‘যেসব চলচ্চিত্র আটকে আছে, সেগুলো পুনরায় বিবেচনা করা উচিত এবং নীতিমালা ভঙ্গ না হলে দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেয়া উচিত। সেন্সর বোর্ড না থাকার একটি দাবি উঠেছে, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতার মাধ্যমে সিদ্ধান্ত নেব। যদি গণতন্ত্র চাই, তাহলে আমাদের গণমাধ্যমের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে ।’
নাহিদ ইসলাম তার বক্তব্যে আরো বলেন, ‘আশি বা নব্বইয়ের দশকের প্রজন্ম ছাড়া কেউ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখে কিনা জানা নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিক করা দরকার।
সেগুলো খুবই স্থবির অবস্থায় আছে। বিটিভিকে দেখলে মনে হয়, এটা আশি বা নব্বই দশকের টিভি।’
উপদেষ্টা বলেন, ‘এর একটা দিক হলো এর দলীয়করণ, রাজনীতিকরণ আছে। আরেকটা বিষয় হচ্ছে, কনটেন্টগুলো মনে হচ্ছে এ প্রজন্মের জন্য নয়। সে জায়গা থেকে মনে করি, সব প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করা উচিত।’










