শাহরুখ খান আবারো বিস্মিত করলেন সবাইকে। রাজকীয়ভাবে তিনি উপস্থিত হয়েছিলেন মেট গালার এবারের আসরে। সব্যসাচীর ডিজাইন করা পোশাকে তাকে দেখা গেছে। নিউ ইয়র্কের মেট গালায় এই প্রথম পা রাখলেন শাহরুখ। গায়ে ছিল কালো পোশাক। গলায় চেইন আর হাতে গয়না। নিজস্ব সিগনেচার স্টাইল ও ভঙ্গিতে তিনি ঘুরে বেড়িয়েছেন সেখানে।
সোমবার রাতে বসেছিল মেট গালার এবারের আসর। ফ্যাশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন এটি। এবার অভিষেক হলো শাহরুখের। আর প্রথমবার মেট গালায় পা দিয়েই ঝড় তুলেছেন বলিউডের বাদশাহ।
শাহরুখের পরনে ছিল ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর ডিজাইন করা কালো রঙের একটি ক্ল্যাসিক টেইলকোট। তার সঙ্গে ছিল উচু কোমরযুক্ত প্যান্ট আর কালো শার্ট। পুরো পোশাকেই ছিল সূক্ষ্ম কারুকাজ।
তার হাতে ছিল একটি ছড়ি। তার উপরের দিকে ছিল একটি সিংহের মুখ। ছড়ি ঘুরিয়ে তিনি যেভাবে মেট গালায় ঘুরে বেড়াচ্ছিলেন তা আত্মবিশ্বাসেরই পরিচায়ক।
সূত্র: বলিউড হাঙ্গামা










