রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়ে গেছে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। জাতীয় পার্টির দাবি, এ ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশের ভাষ্য, মৌখিকভাবে জাতীয় পার্টিকে বলা হয়েছিল রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে। কিন্তু তারা রাস্তার ওপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। কয়েকবার তাদের সতর্ক করার পরও শোনেনি। অন্যদিকে দলটির দাবি সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেয়া হয়েছে। পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে এমনটা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকরাইল কার্যালয়ের সামনে জড়ো হন। তখন পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। এ সময় পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বণিক বার্তাকে বলেন, ‘একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেয়া হয়েছে।’










