আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে গতকাল শিক্ষকদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন তাতে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার। কেউ যেন সেটা না পারে, সেদিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। আমাদের লক্ষ্য একটাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’

শিক্ষকদের যে দাবি-দাওয়া তার সবকিছু বিএনপির ৩১ দফার কর্মসূচিতে আছে বলে উল্লেখ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। শিক্ষকদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনাদের কাছে একটা দাবি আছে, আপনারা আমাদের সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলবেন তারা যেন সত্যিকার অর্থেই আদর্শ নাগরিক হতে পারে। নৈতিকতার মধ্যে থাকতে পারে তারা এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।’

বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এ সমাবেশের আয়োজন করে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ‘দেশকে গড়ে তুলতে হলে জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণ করতে হবে, এ ক্ষেত্রে শিক্ষকরাই প্রধান হাতিয়ার। শিক্ষক সমাজ দুর্বল হলে স্বপ্নের বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। শিক্ষকদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক সম্মান নিশ্চিত করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শিক্ষক এবং শিক্ষার মানোন্নয়নে সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দুর্নীতিবিরোধী বিপ্লব শুরু করা জরুরি।’

শিক্ষকদের সব দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।’ আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুগিসউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা বক্তব্য দেন।