বহুদিন ধরেই পরিবারভিত্তিক ব্যবসা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এটি কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায় নতুনত্ব আনা ও প্রজন্ম থেকে প্রজন্মে মূল্যবোধ, ঐতিহ্য ও উত্তরাধিকার ধরে রাখে। তবে এর জন্য প্রয়োজন শক্তিশালী আর্থিক ভিত্তি, বাজারে অবস্থান, দূরদর্শী নেতৃত্ব, টেকসই মূল্যবোধ ও নতুন দৃষ্টিভঙ্গি। আর এজন্য ব্যবসা টিকিয়ে রাখতে যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করতে হবে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘যেখানে পারিবারিক মূল্যবোধরে সঙ্গে ভবিষ্যৎ দৃষ্টির মিলন: টেকসই উত্তরাধিকার কৌশল’ শীর্ষক সেমিনারে ব্যবসায়ীরা এসব কথা বলেন।
সেমিনারে দেশের শীর্ষস্থানীয় পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্তরা এ খাত পরিচালনার নানা দিক তুলে ধরেন। তারা বলেন, টেকসই ব্যবসার জন্য শুধু পরিবার নয়, পেশাদার ব্যবস্থাপনা ও পরিকল্পিত উত্তরাধিকার অপরিহার্য। যথাযথ প্রস্তুতি ও নেতৃত্বের অভাবে বাংলাদেশে পারিবারিক ব্যবসা টেকসই হচ্ছে না।
এ সময় এমএম ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান ইস্পাহানি বলেন, শেয়ার থাকলেই কেউ নেতৃত্ব পাবেন, এ ধারণা ভুল। দক্ষতা, অভিজ্ঞতা ও সঠিক শিক্ষা থাকাটাই গুরুত্বপূর্ণ। তাই উত্তরাধিকার পরিকল্পনা তৈরি করা অপরিহার্য।
তিনি আরো বলেন, প্রথমে একক মালিকানায় ব্যবসা হলেও পরিবারের পরিধি বাড়লে শুধু আত্মীয়স্বজন দিয়ে পরিচালনা করা সম্ভব হয় না। তখন পেশাদার ব্যবস্থাপনা বাধ্যতামূলক হয়ে ওঠে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, শুধু ছেলে বা মেয়ে বলেই কাউকে সিইও বানানো যাবে না। যিনি সবচেয়ে যোগ্য, তাকেই নেতৃত্ব দেয়া উচিত। এটি না করলে প্রতিষ্ঠান এগিয়ে নেয়া ও টিকিয়ে রাখা সম্ভব নয়।
এমসিসিআইয়ের প্রেসিডেন্ট কামরান টি. রহমান বলেন, পারিবারিক ব্যবসা আমাদের অর্থনীতিতে যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মসংস্থান, উদ্ভাবন, প্রজন্মান্তরের মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি আগামী দিনে আমাদের মনে রাখতে হবে, উত্তরাধিকার শুধু দায়িত্ব হস্তান্তর নয়, এটি কৌশলগতভাবে অত্যাবশ্যক।











