পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে এর পরিণতি ভয়াবহ হবে। বিশ্বব্যাপী নিঃসরণের ৮১ শতাংশের জন্য উন্নত দেশগুলো দায়ী। উন্নত দেশগুলো নিঃসরণ বন্ধ করেই উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে পারে। যতক্ষণ না আমরা ডি-কার্বনাইজ করি, আমরা অভিযোজন ও প্রশমন ব্যবস্থার ক্ষেত্রে যা কিছু করার চেষ্টা করি, তা যথেষ্ট হবে না।’
গতকাল নেপালের কাঠমান্ডুর চন্দ্রগিরি হিল রিসোর্টে অনুষ্ঠিত পর্বত, মানুষ ও জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংলাপে ‘১.৫ ডিগ্রি সেলসিয়াসের উচ্চাকাঙ্ক্ষা’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জাতীয় অভিযোজন পরিকল্পনাগুলোর শতভাগ বাস্তবায়ন হলে আমরা এখনো ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্মুখীন হব। এখন আমরা যা করতে পারি তা হলো ভবিষ্যতের ক্ষতি সীমিত করা। আমরা কীভাবে সমস্যাগুলোকে আরো খারাপ করে সমস্যার সমাধান করতে পারি? সমস্যা বাড়ছে এবং আমরা সমাধানের কথা বলছি। এ বক্তৃতা পরিবর্তন করতে হবে।’










