সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের সময় রাজধানীর মিরপুরের কয়েকটি পুলিশ বক্সে হামলা, অগ্নিসংযোগ ও যানবাহনে ভাংচুরের অভিযোগে তিন মামলায় ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা, পল্লবী থানা ও কাফরুল থানায় পৃথক তিনটি মামলায় গতকাল তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে অটোরিকশাচালক ও গ্যারেজ মালিকও রয়েছেন।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, হামলা-ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে প্রায় আড়াই হাজারের বেশি অটোচালককে। এর মধ্যে পল্লবী থানায় দায়ের করা দুটি মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চালক ও অটোরিকশা গ্যারেজের মালিকও আছেন বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

একই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে একটি। গত দুইদিনে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা-পুলিশ গ্রেফতার করেছে আরো ১৫ জনকে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মদ বলেন, ‘গতকাল গ্রেফতার করা হয়েছে ১০ জন আর সোমবার গ্রেফতার করা হয়েছে পাঁচজন।

কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, কাফরুল থানায় দায়ের করা মামলায় ৬০০/৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১২ জনকে।

এদিকে গতকাল সকাল থেকেই রাজধানীর রামপুরা, খিলগাঁও ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। সকাল ৯টা ২০ মিনিটে রামপুরায় সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। পুলিশের আশ্বাসে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।৷ দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অটোরিকশা চালকরা। ডেমরায়ও চলে বিক্ষোভ।