জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাজনীতিবিদ, অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্য, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব ও সদস্য মীর হাবীব আল মানজুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন ও যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, সাকিব মাহাদী, সংগঠক মোস্তাক আহমেদ শিশির, মনসুর আব্দুল্লাহ, মুনতাসির মাহমুদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন অভ্যুত্থানে মোহাম্মদপুরে নিহত রাকিবের বাবা, সৈকতের বোন ও আহত শাহীন।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের রাজনৈতিক দলগুলোর একত্রে কাজ করতে হবে। মোহাম্মদপুরের মতো সাংস্কৃতিক বৈচিত্র্যময় এলাকাকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত মহল্লা হিসেবে গড়ে তুলতে আমাদের সবার একত্রে কাজ করার কোনো বিকল্প নেই।’
যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘স্বৈরাচার পতন পরবর্তী রাজনৈতিক সংকট নিরসনে গণপরিষদ নির্বাচনের জন্য আমাদের মধ্যে ঐকমত্য গঠন করে সেকেন্ড রিপাবলিক হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’
যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মোহাম্মদপুর গড়ে তোলাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এজন্য আমরা সব রাজনৈতিক দলকে নিয়ে একত্রে কাজ করতে বদ্ধপরিকর।’
বৃহত্তর মোহাম্মাদপুর জোনের এনসিপির বিভিন্ন ওয়ার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামের মোহাম্মদপুর জোনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠক মাওলানা সানাউল্লাহ।










