সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক এ বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। স্থানীয় সময় গতকাল বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা আসে। খবর বিবিসি।
নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে তিনি আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান প্রধানমন্ত্রী। সেখানে সংসদ ভেঙে দেয়া এবং নতুন নির্বাচন আয়োজনের জন্য তিনি রাজার অনুমতি চান। রাজা চার্লস অনুমতি দেয়ার পর এটি জনসম্মুখে তিনি ঘোষণা করেন। গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এ মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে রয়েছে।










