তীব্র তাপপ্রবাহে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো—পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা; শ্রেণী কার্যক্রম চলাকালীন শ্রেণী কক্ষের সব দরজা-জানালা খোলা রাখা; শিক্ষা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা; পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা; শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা; নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা, যেন কোনো শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা যায়; প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা; শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণীকক্ষে অবস্থান নিশ্চিত করা; বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখে সে বিষয়টি নিশ্চিত করা।

মাউশির আওতাধীন দেশের সরকারি-বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বলা হয়েছে।