বাংলাদেশী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের কলকাতার নিউটাউন থেকে উদ্ধারের
বিষয়ে দুই দেশের পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ
আল-মামুন। বুধবার (২২ মে) সকালে রাজধানীর বাড্ডায় বৌদ্ধমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের কলকাতার নিউটাউন থেকে উদ্ধারের
বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ভারতীয় পুলিশের
সঙ্গে বাংলাদেশ পুলিশ এ বিষয়ে কাজ করছে। তবে তার মৃতদেহ উদ্ধারের বিষয়ে এখনো আমাদের
কাছে দাপ্তরিক ভাবে কোনো তথ্য আসেনি। এ সংক্রান্ত তথ্য পেলে জানানো হবে।
তিনি বলেন, ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশী
সংসদ সদস্যের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি গণমাধ্যম সূত্রে। তবে ইন্ডিয়ান বা কলকাতা পুলিশ
আমাদের এখনো কিছু নিশ্চিত করেনি। তিনি জীবিত নাকি মৃত; তা এখনো অফিশিয়ালি নিশ্চিত নই।
আমরা যৌথভাবে কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা
চাইছে তা আমরা দিচ্ছি বলেও তার বক্তব্যে তিনি যোগ করেন।
এমপি
আনারের বিরুদ্ধে মাদক, নারী পাচার, স্বর্ণা চোরাচালান ও হুণ্ডির কারবারের মতো অভিযোগ
ছিল। গণমাধ্যমের ধারণা অনুযায়ী তাকে হুন্ডি ও স্বর্ণা চোরাচালানকারীরা হত্যা করতে পারে-
এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এই মোটিভ নিয়ে ইন্ডিয়ান পুলিশ কাজ করছে। আমরাও কাজ
করছি। বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করার সময় হয়নি। যথা সময়ে আমরা এটা পরিষ্কার করব।










