ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার ( ২২ মে)  সন্ধ্যায় শেরে বাংলা নগর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ মো আহাদ আলী জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজীম গত ৯ মে মানিক মিয়া এভিনিউর সংসদ সদস্য ভবন থেকে কোলকাতার উদ্দেশ্যে রওনা হন। এরপর সেখানে তাকে হত্যার অভিযোগ এনে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মামলার এজাহারে ডোরিন উল্লেখ করেন, কোলকাতা যাওয়ার পরে গত ১১ মে বেলা ৪টা ৫৫ মিনিটে বাবার সঙ্গে ভিডিও কলে কথা হয়। সে সময় তার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাই। গত ১৩ মে বাবার ইন্ডিয়ান সিম থেকে ম্যাসেজ আসে। সেখানে লেখা ছিল ‘আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। আমি অমিত সাহার কাছে যাচ্ছি। আমাকে ফোন দেয়ার দরকার নাই। আমি পরে ফোন দিবো। 

এজাহারে আরো বলা হয়, এটা ছাড়া আরো কয়েকটি ম্যাসেজ আসে। ম্যাসেজগুলো তার ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে। পরে আমি বিভিন্ন জায়গায় বাবার খোঁজ খবর করতে থাকি। পরে তার খোঁজ না পেয়ে বাবার বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে উনি ভারতের বারানগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন। পরবর্তী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে আমার বাবাকে অপহরণ করেছে।