গবেষণায় অগ্রাধিকার দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ অর্থবছরে ৬৮ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৬১ কোটি ৮০ লাখ টাকা ও নিজস্ব খাত থেকে ৭ কোটি টাকা আয় ধরা হয়েছে।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৬৯তম বিশেষ সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ এ বাজেট প্রস্তাব করেন। কোষাধ্যক্ষ বাজেট বক্তব্যে বলেন, ২০০৮-০৯ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বাজেটের আকার ১ কোটি ২৩ লাখ টাকা ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বাজেট বেড়ে এখন ২০২১-২২ অর্থবছরে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত ২০২০-২১ অর্থবছরে সংশোধিত বাজেট ৫৭ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার টাকা।

যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় সশরীরে উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) একেএম আফতাব হোসেন প্রামাণিক, যুগ্ম সচিব (উন্নয়ন-৩) সৈয়দা নওয়ারা জাহান, সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম আসাদুজ্জামান, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. কাওছার উদ্দিন আহম্মদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালট্যান্ট ডা. এমএ রশীদ, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ-উদ-দৌলা, রিজেন্ট বোর্ডের সচিব ও যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি পূর্বেই এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিয়েছিলাম। আমার সেই দৃঢ় প্রত্যয়ের অংশ হিসেবে ২০২১-২২ অর্থবছরে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গবেষণা খাতে ১ কোটি ৫০ লাখ ও গবেষণা সরঞ্জামাদি খাতে ৪ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়া হয়েছে।

ঈদুল আজহার পর পরীক্ষা: আসন্ন পবিত্র ঈদুল আজহার পরে দ্রুততম সুবিধাজনক সময়ে যবিপ্রবির স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ও স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ আগে সময়সূচি ঘোষণা করা হবে। গতকাল যবিপ্রবির ডিনস কমিটির সভাপতি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বরাবর প্রেরিত পত্রে এ সিদ্ধান্তের কথা জানান।