এশিয়ার দেশগুলোর মে মাসে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশ ভারত মে মাসে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা এশিয়ার দেশগুলোর সার্বিক আমদানি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। খবর রয়টার্স।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এলএসইজি অয়েল রিসার্চ সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের এপ্রিলে এশিয়ার দেশগুলো দৈনিক ২ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছিল। মে মাসে তা বেড়ে দৈনিক ২ কোটি ৭৮ লাখ ১০ হাজার ব্যারেলে পৌঁছেছে। গত মাসে এশিয়ার দেশগুলোর অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে দৈনিক ৯ লাখ ২০ হাজার ব্যারেল।

এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত মে মাসে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। এপ্রিলে দেশটি দৈনিক ৪৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল। পরবর্তী মাসে আমদানি ৭ লাখ ১০ হাজার ব্যারেল বেড়ে দৈনিক ৫২ লাখ ৬০ হাজার ব্যারেলে পৌঁছেছে।

ভারতের বিপরীতে মে মাসে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমেছে। এ সময় দৈনিক ১ কোটি ৭ লাখ ২০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে চীন। এপ্রিলে যার পরিমাণ ছিল ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ব্যারেল।

এশিয়ার তৃতীয় ও চতুর্থ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান। এপ্রিল ও মে মাসে এ দুই দেশ জ্বালানি তেল আমদানিতে একই ধারা বজায় রেখেছে। এপ্রিলে দৈনিক ২৯ লাখ ১০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছিল দক্ষিণ কোরিয়া। মে মাসে তা কিছুটা কমে দৈনিক ২৮ লাখ ৭০ হাজার ব্যারেলে নেমেছে। অন্যদিকে এ সময় জাপানের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি এপ্রিলের তুলনায় কিছুটা বেড়েছে। দেশটি মে মাসে দৈনিক মোট ২৩ লাখ ৮০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। এর আগের মাসে যার পরিমাণ ছিল দৈনিক ২৩ লাখ ১০ হাজার ব্যারেল।

তবে মে মাসে এশিয়ার দেশগুলোর অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। গত বছরের এ সময় দেশটি দৈনিক মোট ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছিল।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি-মে মাস পর্যন্ত এশিয়ার দেশগুলোর অপরিশোধিত জ্বালানি তেলের গড় আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। এ সময় দেশগুলোর জ্বালানি তেলের দৈনিক গড় আমদানি ছিল ২ কোটি ৭১ লাখ ৯০ হাজার ব্যারেল, গত বছর যার পরিমাণ ছিল ২ কোটি ৭০ লাখ ৯০ হাজার ব্যারেল।

চলতি মাসে ভারতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়ার পেছনে মূল প্রভাবকের ভূমিকা পালন করেছে রাশিয়া থেকে তুলনামূলক কম মূল্যে সরবরাহ বৃদ্ধি। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপের দেশগুলো ছিল রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বাজার। কিন্তু যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এশিয়ার দেশগুলোকে অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বাজার হিসেবে বেছে নিয়েছে রাশিয়া।

এলএসইজি জানিয়েছে, মে মাসে ভারত রাশিয়া থেকে দৈনিক ১৯ লাখ ৬০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। এপ্রিলে যার পরিমাণ ছিল ১৬ লাখ ব্যারেল।