যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মৌসুমি মজুদ কমেছে। দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানিতে ঊর্ধ্বমুখী ও পরিশোধন কেন্দ্রগুলোয় চাহিদা বাড়ায় মজুদ কমে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনসের (ইআইএ) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইআইএর তথ্যানুযায়ী, ১৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৪৬ লাখ ৫০ হাজার ব্যারেল কমে ৪২ কোটি ৬০ লাখ ৩ হাজার ব্যারেলে নেমে গেছে, যা গত পাঁচ বছরের একই সময়ের গড় মজুদের চেয়ে ৪ দশমিক ২ শতাংশ কম এবং গত ২৬ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহের পর সর্বনিম্ন।

তবে মজুদ কমে যাওয়ার হার যুক্তরাষ্ট্রের সব অঞ্চলে সমান নয়। দেশটির উপসাগরীয় উপকূলে মজুদ ৪১ লাখ ৯০ হাজার ব্যারেল কমেছে। তবে একমাত্র পশ্চিম উপকূলে মজুদ বেড়েছে। অঞ্চলটিতে মজুদ বৃদ্ধির পরিমাণ ২৪ লাখ ২০ হাজার ব্যারেল।

যুক্তরাষ্ট্রের কুশিং ও ওকলাহোমায় অবস্থিত নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ (এনওয়াইএমইএক্স) ডেলিভারি হাবে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ টানা দুই সপ্তাহ ধরে নিম্নমুখী। এ সময় মজুদ ৫ লাখ ৬০ হাজার ব্যারেল কমে ২ কোটি ৮২ লাখ ব্যারেলে নেমে গেছে। কুশিংয়ের বর্তমান মজুদ গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন।

পরিশোধন কেন্দ্রগুলোর চাহিদা দৈনিক ১ কোটি ৬৬ লাখ ৯০ ব্যারেলে উন্নীত হয়েছে, যা পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ চাহিদা গত পাঁচ বছরের একই সময়ের গড় চাহিদার তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। একই সময়ে পরিশোধন সক্ষমতা দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৯২ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল রফতানি বাড়ায় তা মজুদের ওপর চাপ তৈরি করেছে। গত সপ্তাহে দেশটির রফতানি আগের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ বেড়ে দৈনিক ৪০ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে জ্বালানি তেল রফতানি বর্তমানে লাভজনক পর্যায়ে আছে। ইউরোপের অন্যতম প্রধান রফতানি কেন্দ্র রটারড্যামে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট মিডল্যান্ড (ডব্লিউটিআই এমইএইচ) অপরিশোধিত তেল রফতানিতে মুনাফা বেড়েছে। গত জুলাইয়ে ব্যারেলপ্রতি মুনাফা ছিল ৪১ সেন্ট, চলতি মাসে তা বেড়ে গড়ে ১ ডলার ৯৯ সেন্টে পৌঁছেছে।