এনআরবিসি ব্যাংকের বিনা ও স্বল্প ব্যয়ের চলতি ও সঞ্চয়ী হিসাব (কাসা) সংগ্রহে শতভাগের বেশি লক্ষ্যমাত্রা অর্জনকারী ৬৬টি শাখা ও উপশাখাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
ব্যাংকের মুনাফা অর্জনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনের একটি বিশেষ ‘কাসা ক্যাম্পেইন’ পরিচালনা করা হয়। এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ২১ হাজার কোটি টাকা আর আমানত হিসাবের সংখ্যা ২০ লাখ অতিক্রম করার মাইলফলক অর্জিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’এ শাখা-উপশাখা প্রধানদের হাতে সার্টিফিকেট তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এসময় তিনি বলেন, টেকসই মুনাফা নিশ্চিত করতে বিনা ও স্বল্প ব্যয়ের আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের চলতি ও সঞ্চয়ী আমানত হিসাব আরো বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো. আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ ও উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি












