এনআরবিসি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক।

অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও আহমেদ জোবায়ের মাহবুব, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ রিস্ক অফিসার (সিআরও) সিরাজুল আমিন আহমেদ ছিলেন।

এ ছাড়া বিভাগীয় প্রধান, অঞ্চল প্রধান, শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ, উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয় ও শাখা-উপশাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বশরীরে ও অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সম্মেলনে অংশ নেন।

দিনব্যাপী এ সম্মেলনে বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, সুশাসন, জবাবদিহিতা, আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই অগ্রগতি, ঝুঁকি প্রশমন কৌশল ও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী রিস্ক ফ্রেমওয়ার্ক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ঝুঁকি প্রশমন কৌশলগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাস্তবায়ন করা হলে ব্যাংকগুলো শুধু আর্থিক ঝুঁকি কমাতে সক্ষম হবে না, বরং কার্যকর শাসন, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করে গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে পারে।

বিশেষ অতিথি এনআরবিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক বলেন, ঝুঁকি ব্যবস্থাপনায় নীতিনির্ধারণী স্তর থেকে শুরু করে বাস্তবায়ন পর্যায় পর্যন্ত সমন্বিত, কাঠামোবদ্ধ ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণের মাধ্যমেই ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং দীর্ঘমেয়াদী টেকসই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংক একটি ঝুঁকি সচেতন, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিং সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

-বিজ্ঞপ্তি