আন্তর্জাতিক বাজারে গত শুক্রবার মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে। এদিন টানা তৃতীয় দিনের মতো পাম অয়েলের দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বিশ্লেষকরা বলছেন, আগস্টে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন কমেছে। তবে এ সময় চাহিদা ছিল ঊর্ধ্বমুখী। ফলে সরবরাহ নিয়ে তৈরি হওয়া শঙ্কায় ভোজ্যতেল পণ্যটির দাম বেড়েছে।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে লেনদেনের শেষ দিনে নভেম্বরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ১ দশমিক ১২ শতাংশ বা ৪৩ রিঙ্গিত বেড়েছে। এতে ভোজ্যতেলটির দাম ৩ হাজার ৮৬৯ রিঙ্গিতে পৌঁছেছে। এছাড়া গত সপ্তাহজুড়ে দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ, যা ২০২৩ সালের মাঝামাঝি সময়ের পর সবচেয়ে বেশি।
মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশনের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের প্রথম ২০ দিনে আশানুরূপ পাম অয়েল উৎপাদন হয়নি।










