রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং প্রকৃত আহরণের মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে আনতে একটি বাস্তবসম্মত ও ডিজিটাইজড কর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।

সোমবার (১১ মে) বণিক বার্তা আয়োজিত প্রথম ‘সোনার বাংলা নীতি আলোচনায়’ তিনি এ মন্তব্য করেন।

এহতেশামুল হক খান বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কর ভিত্তি সবচেয়ে কম, যা মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। এছাড়া বাজেট বাস্তবায়নের হার ক্রমাগত হ্রাস পাওয়া এবং কর-জিডিপি অনুপাতের ভারসাম্যহীনতা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি বাড়ছে, যার ফলে ঋণের বোঝা ও সুদের ব্যয় বেড়ে যাচ্ছে এবং তা পরোক্ষভাবে উন্নয়ন বাজেটের বরাদ্দকে ক্ষতিগ্রস্ত করছে।’

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে এহতেশামুল হক খান একটি বাস্তবসম্মত ও ডিজিটাইজড কর কাঠামো প্রণয়নের ওপর জোর দেন। তার বক্তব্যে উঠে আসে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং প্রকৃত সংগ্রহের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা দূর করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে শিল্প ও ব্যবসাবান্ধব নীতি সহায়তার মাধ্যমে দেশের সক্ষমতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের অর্থনৈতিক পথরেখা নির্ধারণেরও আহ্বান জানিয়েছেন তিনি।