টেকসই জাতি-রাষ্ট্র গঠনে নৈতিকতার ভূমিকা নিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এ ২৪তম এশিয়ান বায়োএথিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

'নৈতিকতা জাতি-রাষ্ট্র গঠনে টেকসই উন্নয়নের চাবিকাঠি’ — এ প্রতিপাদ্যে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয়।

বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি ও এশিয়ান বায়োএথিক্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউবিওস এথিক্স ইনস্টিটিউটের (নিউজিল্যান্ড, জাপান ও থাইল্যান্ড) সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করা হয়। এতে ১৩ জন বিদেশী প্রতিনিধি ছাড়াও নীতিনির্ধারক, গবেষক, চিকিৎসক, পরিবেশবিদ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড্যারিল ম্যসার, অধ্যাপক মো. আখতার হোসেন খান এবং অধ্যাপক ড. সায়েবা আখতার। বক্তারা বলেন, বিজ্ঞান, স্বাস্থ্য, পরিবেশ ও শাসনব্যবস্থার প্রতিটি স্তরে নৈতিকতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এসইউবি-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। তিনি বলেন, আধুনিক রাষ্ট্র গঠনে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মানব মর্যাদা, পরিবেশ সুরক্ষা ও প্রজন্মগত ন্যায় নিশ্চিত করাই এখন মূল সূচক।

-বিজ্ঞপ্তি