ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় খাদ্যশস্য উৎপাদক ফ্রান্স। সম্প্রতি শুরু হওয়া বৃষ্টিপাতে দেশটির খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি উন্নয়নবিষয়ক এজেন্সি ফ্রান্সএগ্রিমারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর ওয়ার্ল্ডগ্রেইন ডট কম।
প্রতিবেদনে ফ্রান্সএগ্রিমার জানিয়েছে, মে মাসের শুরুতে উষ্ণ ও রৌদ্রোজ্জল আবহাওয়ায় স্যাঁতসেঁতে মাটি শুকিয়ে খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করেছিল। কিন্তু সম্প্রতি শুরু হওয়া বৃষ্টিপাতে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর্দ্র আবহাওয়ায় একদিকে গম ও যব পরিপক্ব হচ্ছে না। অন্যদিকে, দেশটিতে সময়মতো ভুট্টার বীজ বপন করতে পারছেন না কৃষকরা।
এদিকে ফ্রান্সএগ্রিমার স্বাস্থ্য, বৃদ্ধি, আর্দ্রতা, রোগবালাই আক্রান্ত হওয়ার হার প্রভৃতির ওপর ভিত্তি করে খাদ্যশস্যের পাঁচ ধরনের মান নির্ধারণ করে। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, গত সপ্তাহে ফ্রান্সের গমের মান কমে চার বছরের মধ্যে সর্বনিম্নে। এ সময় ৬৩ শতাংশ গমকে ‘ভালো’ ও ‘চমৎকার’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। ফ্রান্সএগ্রিমারের মানদণ্ড অনুযায়ী, দেশটিতে এর আগের সপ্তাহে ‘ভালো’ ও ‘চমৎকার’ গম ছিল ৬৪ শতাংশ আর গত বছরের একই সময় ছিল ৯৩ শতাংশ। গত সপ্তাহে ভুট্টার এ মান ২০২০ সালের পর থেকে সর্বনিম্ন।
দুরুম জাতীয় গম পাস্তা তৈরিতে ব্যবহার হয়। ‘ভালো’ ও ‘চমৎকার’ হিসেবে চিহ্নিত দুরুম গমের পরিমাণ দুই সপ্তাহ আগে ছিল ৬৬ শতাংশ। গত সপ্তাহে তা ৬৪ শতাংশে নেমেছে।










