রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় চেতনা ধারণে শিক্ষার্থীদের আরো সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, সৃজনশীলতা ও জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, দ্রোহ ও অসাম্প্রদায়িকতার চেতনা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও মূল্যবোধ চর্চার প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান এবং প্রশাসন ও শিক্ষার্থী বিষয়ক পরিচালক আফরোজা হেলেন।

অনুষ্ঠানে নাচ প্রদর্শন করছেন এক শিক্ষার্থী
এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী বিষয়ক দপ্তর ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।
—বিজ্ঞপ্তি










