মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সালের মধ্যে সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এ ভ্রাম্যমাণ বইমেলাগুলো সারা দেশের জেলা শহরগুলোয় সফর করবে। সেখানে বইয়ের সমৃদ্ধ সংগ্রহ থেকে পাঠকরা তাদের পছন্দের বই দেখতে ও কিনতে পারবেন। পাশাপাশি, সাহিত্য ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও করতে পারবেন।

এ বিষয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, একটি জাতির সত্যিকার উন্নতি নিহিত থাকে বইয়ের প্রতি তার ভালোবাসের মধ্যে। মানুষের দোরগোড়ায় ভিন্ন ভিন্ন বিষয়ের মানসম্মত বই পৌঁছে দেয়ার মাধ্যমে এ ভ্রাম্যমাণ মেলাগুলো বই পড়াকে আরো সহজ করে তুলছে। এটি মানুষের মধ্যে কৌতূহল, চিন্তাশীলতা ও মুক্তবুদ্ধির চর্চা বাড়াতেও সাহায্য করবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, মেটলাইফ ফাউন্ডেশন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সারা দেশের মানুষের কাছে সংস্কৃতি ও বই পৌঁছে দেয়ার জন্য আবারও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো এই দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করছে। ২০২৫ সালে, মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ১২৮টিরও বেশি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করা হয়েছিল যেখানে ২ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন।

-বিজ্ঞপ্তি