রাজধানীর আজগর আলী হাসপাতালে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ’ উদযাপিত হয়েছে। গত ১০-১২ মে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ারড নার্সেস সেভ লাইভস’।

সপ্তাহটি উদযাপনে হাসপাতালের নার্সিং দল নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে। এসব আয়োজনের মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, রুম অব হরর, বর্ণাঢ্য র‍্যালি ও স্বাস্থ্যসেবায় নার্সদের ক্ষমতায়ন বিষয়ক বিশেষ অনুষ্ঠান। এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে নার্সদের পেশাগত অবদানের প্রশংসা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের প্রধান নির্বাহী ও মেডিকেল সার্ভিসেস পরিচালক অধ্যাপক চিকিৎসক জাবরুল এস এম হক এবং অপারেশন বিভাগের প্রধান মোরশেদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। তারা নার্সদের সেবামূলক কাজের জন্য অভিনন্দন জানান এবং রোগীর জীবন রক্ষায় তাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ফজলুর রহমান নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস ও হাসপাতালের নার্সিং বিভাগের মহাব্যবস্থাপক সেলিনা আক্তার বক্তব্য রাখেন। তারা নার্সিং টিমকে তাদের নিরলস প্রচেষ্টার জন্য সাধুবাদ জানান। অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—সংবাদ বিজ্ঞপ্তি