সেন্টারটি সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা খোলা থাকবে। এর মাধ্যমে টাকা জমা, উত্তোলন ও ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন গ্রাহকরা। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি গুলশান-২-এর ভেঞ্চুরা অ্যাভিনিউতে সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবং সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিটাল সার্ভিস সেন্টার প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সেন্টারটি ব্যাংকের সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দৈনন্দিন বড় অংকের লেনদেন স্বয়ংক্রিয় প্লাটফর্মে স্থানান্তরের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সুবিধা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল অ্যাম্বাসেডরদের কার্যক্রমও সম্প্রসারণ করা হবে।’

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, উত্তর গুলশানের বাণিজ্যিক এলাকায় স্থাপিত সেন্টারটিতে দুটি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও একটি এটিএম রয়েছে। ব্যাংকিং আওয়ারে গ্রাহকদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলা, ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবাগ্রহণ এবং আমানত ও ঋণ পণ্য সম্পর্কে তথ্য দিতে একজন ডিজিটাল অ্যাম্বাসেডরও সেখানে দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্র্যাক ব্যাংকের স্বয়ংক্রিয় লেনদেন বাড়ানোর পাশাপাশি কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) সম্প্রসারণের কৌশলের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে ব্যাংকের শাখানির্ভরতার বাইরে গিয়ে ডিজিটাল ও সেলফ সার্ভিস ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এছাড়া দেশজুড়ে এ ধরনের ডিজিটাল সার্ভিস সেন্টারের নেটওয়ার্ক আরো সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।