দেশে চলমান বন্যার প্রভাবে সবজির দাম গত দুইদিন বাড়তির দিকে থাকলেও আজ (২৬ আগস্ট) কিছুটা কমেছে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, দুইদিন বাড়তির দিকে থাকার পর বেশিরভাগ সবজিতে ৫ টাকা পর্যন্ত দাম কমেছে। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে বন্যার প্রভাব তেমন একটা পড়েনি।
আজ বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৫৫ টাকায়। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১১৫ টাকা, দেশী পেঁয়াজ ১২০ টাকা, ভারতীয় রসুন ২০০ টাকা, দেশী রসুন ২১০, ভারতীয় আদা ২৪০ টাকা, দেশী আদা ২৬০ টাকা দরে বিক্রি হয়েছে।
সবজির বাজার ঘুরে আরো দেখা যায়, প্রতি কেজি কাঁকরোল ৩৫ টাকা, পেঁপে ৩০, পটল ৩৫ টাকা, শশা ৪০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, চিচিঙ্গা ৩৫, কচুর মুখী ৫০ টাকা, করলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. সেলিম হোসেন বণিক বার্তাকে বলেন, বেশ কিছুদিন বাজার অস্থির ছিল। তারপর বন্যার কারণে হঠাৎ জিনিসপত্রের দাম বাড়তে শুরু করে। আজ কিন্তু সব কিছুর দাম মোটামুটি কম। বাজার এখন স্থিতিশীল বলা যায়।
এখনো নাগালের বাইরে রয়েছে অনেক সবজি। এরমধ্যে গোল বেগুন ১১০ টাকা, বিট ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা, ক্যাপসিকাম সবুজ ২২০ টাকা, ক্যাপসিকাম লাল ও হলুদ ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
প্রতি হালি কাচকলা ১৫ টাকা এবং এলাচি লেবু ২৫ টাকা, কলম্বো লেবু ৩০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। প্রতিপিস মাঝারি সাইজের লাউ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।










