ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তা মেলা ‘ব্যাটল অব ট্রেডার্স - সিজন ৫’ ও উইন্টার ফেস্ট উদ্বোধন করা হয়েছে। মেলাটির আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাব (বিএসইসি)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক হাফিজ টি. এ. খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

এ উদ্যোক্তা মেলায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নানা ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী স্টলের বাহারি পণ্যে সেজেছে মেলাটি।

তিন দিনব্যাপী আয়োজিত এ মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তা মেলার পাশাপাশি উইন্টার ফেস্ট উপলক্ষে দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ধরনের বাহারি পিঠা ও খাবারের স্টল।

মেলার সার্বিক তত্ত্বাবধায়নে আছেন ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার্স ও প্লেসমেন্টের উপপরিচালক কে এম মনিরুল ইসলাম। -বিজ্ঞপ্তি