মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। গতকাল টস জিতে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৮১ রান গুটিয়ে যায় স্বাগতিক দেশের মেয়েরা। ৩১.৫ ওভার আয়ু ছিল বাংলাদেশ ইনিংসের। এরপর ১৫১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
পাকিস্তানের ঘূর্ণি বলের কোনো জবাব জানা ছিল না বাংলাদেশের ব্যাটারদের কাছে। সাদিয়া ইকবাল (৪/১৩), অধিনায়ক নিদা দার (৩/১০) ও উম্মে-ই-হানির (৩/২০) ঘূর্ণিতে এলোমেলো বাংলাদেশ গুটিয়ে যায় ৮১ রানে। দুই অংক ছুঁয়েছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন।
বাংলাদেশের বোলাররাও দারুণ লড়াই করেন। বিশেষ করে নাহিদা আক্তার হাত ঘুরিয়ে নেন তিন উইকেট। ফাহিমা খাতুনের শিকার এক উইকেট। যদিও পুঁজিটা খুবই ছোট হওয়ায় শেষ রক্ষা হয়নি দলের। নিদা দারের (৫৯ বলে ৩৫*) ব্যাটে ভর করে ২৫ ওভারের মধ্যে জয় তুলে নেয় পাকিস্তান।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। এর আগে তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১-এ জিতে নেয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর—
বাংলাদেশ: ৩১.৫ ওভারে ৮১/১০ (ফাহিমা খাতুন ১৮, রিতু মনি ১৪, নিগার ১৩; সাদিয়া ইকবাল ৪/১৩, নিগা ৩/১০, উম্মে-ই-হানি ৩/২০)। পাকিস্তান: ২৪.৫ ওভারে ৮৫/৫ (নিদা ৩৫*, আলিয়া রিয়াজ ১৬; নাহিদা আক্তার ৩/৩০, ফাহিমা খাতুন ১/১৫)। ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নিদা দার (পাকিস্তান)।










