ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী বছর বসবে টি২০ বিশ্বকাপ ২০২৪ আসর। টি২০ ফরম্যাটের ওই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল নেপাল ও ওমান। গতকাল এশিয়া অঞ্চলের বাছাই পর্বের সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয়লাভ করার মধ্য দিয়ে তারা এ যোগ্যতা অর্জন করে।
নেপালের কীর্তিপুরে প্রথম সেমিফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে হারায় ওমান, আর কাজেশ্বরী-মনোহারায় দ্বিতীয় সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে আট উইকেটে হারায় নেপাল। এ দুই দল বাছাইপর্বের ফাইনালে ওঠার মধ্য দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপ খেলবে নেপাল। তারা ২০১৪ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপ খেলেছে। আর ওমানের এটা তৃতীয় টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ হতে চলেছে।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। এ দলগুলোকে মোট চারটি গ্রুপে বিভক্ত করা হবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইট পর্বে। সুপার এইটে দুটি গ্রুপে লড়বে দলগুলো। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
২০২৪ সালের বিশ্বকাপে কারা খেলবে সেটি জেনে নেয়া যাক। দুই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র ও ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের শীর্ষ আট দল (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা) সরাসরি পেয়েছে ২০২৪ বিশ্বকাপের টিকিট। এছাড়া ২০২২ সালের ১৪ নভেম্বর পর্যন্ত আইসিসি টি২০ র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ ও আফগানিস্তানও পায় পরের টি২০ বিশ্বকাপের টিকিট।
বাছাইপর্ব খেলে বিশ্বকাপে যোগ দেবে মোট আটটি দল। ইউরোপ থেকে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড, ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি, আমেরিকা অঞ্চল থেকে কানাডা ও এশিয়া থেকে নেপাল ও ওমান বিশ্বকাপে উত্তীর্ণ হলো। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে এ মাসে (২২-৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ মহাদেশ থেকে টি২০ পাবে দুটি দেশ।
আগামী বছর ৪ থেকে ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি টি২০ বিশ্বকাপের নবম আসর। যুক্তরাষ্ট্রের তিনটি ও ক্যারিবিয়ান অঞ্চলের মোট সাতটি ভেন্যুতে টি২০ বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে।










