লিওনেল মেসি বিতর্কহীনভাবে বর্তমান বিশ্বের সবচেয়ে সফল খেলোয়াড়ের নাম। ফুটবল বিশ্ব তার জাদুকরী ছন্দে মুগ্ধ। যে মানুষটি খেলার ‘ক’ও বোঝে না সেও আজ মেসির নাম জানে। ব্যক্তিগত অর্জনে মেসি অনন্য উচ্চতায় পৌঁছেছেন। অসাধারণ নেতৃত্বে ক্লাব কিংবা জাতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন বারবার। তবে মেসির নেতৃত্ব গুণ নিয়ে বেশ কয়েকবারই প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনা । আর্জেন্টাইন কিংবদন্তি বলতেন, মেসি বিশ্বসেরা খেলোয়াড় সত্য, তবে নেতৃত্বের গুণ নেই। আর্জেন্টিনার কিংবদন্তি আজ যদি বেঁচে থাকতেন তবে নিজেই হয়তো তার মন্তব্য ফেরত নিতেন। কেননা মেসি আজ শুধু ব্যক্তিগত সাফল্যেই অনন্য নন বরং তিনি বিশ্ব সেরা দলনেতাদেরও একজন।
এক নিঃসঙ্গ রাজার ন্যায় প্রায় দেড় যুগ পুরো দেশের স্বপ্নকে কাঁধে বয়ে বেড়াচ্ছেন মেসি। দলকে সামনে থেকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে অনন্য নজির তৈরি করেছেন। ২০১৪ আসরে ট্রফি জয়ের প্রায় কাছাকাছিই চলে গিয়েছিলেন। কপালের ফের, নইলে সেবার অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গিয়ে জার্মানির কাছে অমন দুর্ভাগ্যজনক পরাজয় কেন হবে। এরপরে ২০১৮ সালের রাশিয়ার আসরে মেসিদের দিকে ভাগ্য বিধাতা ফিরেই তাকাননি। দল ছিল নিষ্প্রভ। দলীয় ব্যর্থতায় ওই যাত্রা থেমে যায় শেষ ষোলোতেই।
২০১৯ সাল থেকে বিশ্বসেরা খেলোয়াড়ের নেতৃত্বে অকল্পনীয় পরিবর্তন আসে আর্জেন্টাইন শিবিরে। ৭ জুলাই ২০১৯ সাল থেকে কাতার বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৬ ম্যাচ অপরাজিত থাকে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২১ সালের কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বস্তি তো আছেই। গ্রুপ পর্বের শুরুর ম্যাচে সৌদি আরবের কাছে ওই দুর্ভাগ্যজনক পরাজয়টি ছাড়া গত ৩ বছরে একটি ম্যাচও হারেনি মেসির দল। প্রতিটি জয়েই সামনে থেকে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন। ঢাল হয়ে দাঁড়িয়েছেন। খেলার কৌশল ও পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করে কাতারে নিজের শেষ বিশ্বকাপ আসরে দলকে নিয়ে এসেছেন ফাইনালে।
মেসির নিজেকে আলাদা করে প্রমাণের কিছু নেই। গত দু-তিন বছর ধরে যেমনভাবে দলের হাল ধরে রেখেছেন তাতে তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন করার সুযোগ নেই। তবুও মেসি যথেষ্ট সমালোচনার শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। বিশেষ করে এবং সবচেয়ে দুঃখজনকভাবে, তার আইডল স্বয়ং ম্যারাডোনার থেকেও।
আর্জেন্টাইন কিংবদন্তি ফক্স স্পোর্টস’কে বলেছিলেন, লিওকে আমাদের দেবতা ভাবা অনুচিত। যখন বার্সেলোনার জার্সিতে খেলে তখন সে সত্যিকারের মেসি। আর আর্জেন্টিনার জার্সিতে সে অন্য কেউ। ম্যারাডোনা আরো বলেছিলেন, মেসি মহান ফুটবলার কিন্তু মহান দলনেতা নন। ম্যাচ শুরুর আগে ২০ বার টয়লেটে যাওয়া কেউ তো বড় নেতা হতে পারে না।
কিন্তু আজ ম্যারাডোনা বেঁচে থাকলে দেখতেন, মেসি এখন কতটা পরিণত, কেমন দক্ষ দলনেতা। এবারের বিশ্বকাপে মেসির নেতৃত্ব, দলের প্রত্যেকের উপর তার প্রভাব যেন ১৯৮৬ ও ১৯৯০ এর ম্যারাডোনাকেই মনে করিয়ে দিচ্ছে।
মেসির সমালোচনা থাকলেও আর্জেন্টিনাসহ পুরো বিশ্বের ফুটবল সমর্থক, রথী-মহারথীরা লিওকে ভালোবাসেন। এটা যেমন তাঁর নান্দনিক ফুটবল গুণ তেমনি তার নেতৃত্ব গুণের কারণেও। মেসি সব দিক দিয়েই ভক্ত-সমর্থকদের হৃদয়ে অন্যন্য স্থান দখল করে রেখেছেন।
খেলার শেষে মেসি প্রায়ই বলেন, ম্যারাডোনা স্বর্গ থেকে আমাদের দেখছেন। যদি তেমনটাই হয় তবে ম্যারাডোনা তার উত্তরসূরিকে নিয়ে গর্বিত হবেন নিশ্চয়ই। কেননা মেসি এখন একজন অসাধারণ দলনেতা হয়ে উঠেছেন।
ছবি: ইএসপিএন ও গোল ডট কম










