মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলংকা। ওই ম্যাচে সিংহলিজদের হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ মুকুট জিতেছিল ভারত। সেই মাঠে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে আজ মুখোমুখি ভারত-শ্রীলংকা। এ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামা ভারত বিরাট কোহলি, শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান তুলেছে।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মেরে সূচনা করেন। যদিও দিলশান মাদুশঙ্কার পরের বলেই তিনি বোল্ড! এরপর বিরাট কোহলি ও গিলের ১৮৯ রানের দুর্দান্ত এক জুটিতে সংহত অবস্থানে চলে যায় স্বাগতিকরা। গিল ৯২ বলে ১১টি চার ও দুই ছক্কায় ৯২ রান করে মাদুশঙ্কার শিকার হন। মাদুশঙ্কা পরের ওভারে ফেরান কোহলিকেও। সাজঘরে ফেরার আগে ৯৪ বলে ১১ বাউন্ডারিতে ৮৮ রান করেন তিনি।

সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া হলো না গিল ও কোহলির। যদিও এই ইনিংসের জন্যও তারা লংকানদের ধন্যবাদ দিতেই পারেন! ইনিংসের শুরুর দিকে দুজনই জীবন পান। শুরুর দিকে মাদুশঙ্কার বলে গিল কভারে ক্যাচ দিলেও তা তালুবন্দি করতে পারেননি চারিথ আসালঙ্কা। কোহলি ব্যক্তিগত ১০ রানের সময় মাদুশঙ্কাকে রিটার্ন ক্যাচ দিলেও তিনি তা হাতে জমাতে ব্যর্থ হন। জীবন পেয়েই এ দুজন প্রায় দুশ রানের জুটি গড়েন।

কোহলি ও গিলের পর লংকানদের ওপর কর্তৃত্ব করেন শ্রেয়াস আইয়ার। ৩২তম ওভারে নেমেও সেঞ্চুরির সম্ভাবনা জাগান তিনি। যদিও মাত্র ৫৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮২ রান করে মাদুশঙ্কার শিকার হয়ে ফেরেন সাজঘরে। তিনি যখন আউট হয়ে যান তখনও ১৫ বলের খেলা বাকি। টিকে থাকলেই সেঞ্চুরি পেতে পারতেন এই ডানহাতি ব্যাটার। শেষ দিকে ২৪ বলে ৩৫ রান করে ভারতের সংগ্রহটা বড় করায় ভূমিকা রাখেন রবীন্দ্র জাদেজা।

পেসার মাদুশঙ্কা ৮০ রানে ৫ উইকেট নেন। দুশমন্ত চামিরা নেন এক উইকেট। শেষ ওভারে রানআউট হন মোহাম্মদ শামি ও জাদেজা।

শচীন টেন্ডুলকারের ৪৯তম সেঞ্চুরির রেকর্ডটা আজও ছোঁয়া হলো না কোহলির। তবে ৮৮ রান করার পথে বেশ কিছু মাইলফলকে পা রাখেন তিনি। আজ ৩৪ রান করার মধ্য দিয়ে চলতি বছর হাজার রান পূর্ণ করেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে অষ্টমবার বছরে হাজার রান করলেন তিনি। শচীন টেন্ডুলকার করেছিলেন সাতবার। চলতি বছর পাথুম নিশাঙ্কা, রোহিত শর্মা ও রোহিত শর্মার পর চতুর্থ ব্যাটার হিসেবে এক হাজার রান পূর্ণ করলেন কোহলি। তার এই মাইলফলকের দিন ভারত টানা সপ্তম জয় তুলে নিতে পারে  কিনা।

চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তারা ৬ ম্যাচের সবগুলো জিতে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আজ জিতলে দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে শীর্ষে উঠে যাবে রোহিত শর্মার দল। অন্যদিকে, ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলেল সাতে অবস্থান করছে শ্রীলংকা।