কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আজ মঙ্গলবার বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ মাত্র ২৩ রানে হারায় তিন উইকেট। এরপর লিটন দাস ও ব্যাটিং অর্ডারে পাঁচে উঠে আসা মাহমুদউল্লাহর চেষ্টায় দলের রান একশ পেরিয়ে যায়। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ২১ ওভারে ১০২/৪। মাহমুদউল্লাহ ৪৬ ও সাকিব আল হাসান শূন্য রানে ব্যাট করছিলেন।

এর আগে শাহিন শাহ আফ্রিদির আঘাতে প্রথম ওভারে তানজিদ হাসান ও তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্ত ফেরেন সাজঘরে। চারে নামা মুশফিকুর রহিম ব্যক্তিগত ৫ রানে হারিস রউফের শিকার হন। এরপর লিটন ও মাহমুদউল্লাহর দারুন এক জুটিতে স্থিতি আসে। যদিও ৬৪ বলে ৪৫ রান করে ইফতিখার আহমেদের বলে আউট হয়ে যান লিটন। ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েন লিটন ও মাহমুদউল্লাহ।   

ছয় ম্যাচের পাঁচটিতে হেরে সেমিফাইনালের আশা শেষ বাংলাদেশের। অন্যদিকে, পাকিস্তান ছয় ম্যাচের চারটিতে হেরে বিদায়ের ঝুঁকিতে রয়েছে। সেমির আশা বাঁচিয়ে রাখতে তাদের জয়ের বিকল্প নেই। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট নিশ্চিত করতে এই ম্যাচসহ পরের দুটি ম্যাচ জিততে চায় বাংলাদেশ।

আজ খেলছেন না স্পিনার শেখ মেহেদী হাসান। তার জায়গায় বাংলাদেশ দলে এসেছেন ব্যাটার তাওহিদ হৃদয়।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।