পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে সাতটি মডেলের নতুন ফ্রিজ এনেছে ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এসব ফ্রিজে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিসপ্লে, আইওটি ও এআই ডক্টরসহ অত্যাধুনিক সব ফিচার।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে নতুন এসব মডেলের ফ্রিজ উদ্বোধন করা হয়। ‘মেগা লঞ্চ-২০২৫’ শিরোনামে উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন উন্মোচিত এ ফ্রিজগুলোর মধ্যে রয়েছে ৬২০ লিটার ধারণক্ষমতার ‘বিগ ডিসপ্লে’ স্মার্ট রেফ্রিজারেটর। এতে ব্যবহার করা হয়েছে ২১ দশমিক ৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডিসপ্লে ও স্টেরিও সাউন্ড সিস্টেম। এতে গ্রাহকেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রায় সব ফিচারই উপভোগ করতে পারবেন। এছাড়া রয়েছে ৫৬০ লিটার ধারণ ক্ষমতার ‘থ্রি-ডোর স্মার্ট রেফ্রিজারেটর’, ৩৪৩ ও ৩০৮ লিটার ধারণ ক্ষমতার ইনভার্টার টেকনোলজির কনভার্টিবল মোড সমৃদ্ধ ‘রিভার্সিবল ডোর রেফ্রিজারেটর’, ২৬৮ লিটারের ‘ওয়াটার ডিসপেন্সার’ মডেলের রেফ্রিজারেটর, ৩৪৮ লিটারের ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজির ‘সেমি নো ফ্রস্ট মডেলের রেফ্রিজারেটর’ এবং ডিজিটাল কন্ট্রোল ডিসপ্লে সমৃদ্ধ ২১০ লিটারের রেফ্রিজারেটর।
ওয়ালটন ফ্রিজের সিবিও (প্রধান বিপণন কর্মকর্তা) মো. তাহসিনুল হক বলেন, গ্রাহকের হাতে সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য তুলে দিতে সামর্থ্যের সবটুকু দিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই) টিমের প্রকৌশলীরা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা বিশ্বের সর্বাধুনিক উদ্ভাবনী ডিজাইন, প্রযুক্তি ও ফিচারের নতুন নতুন মডেলের ফ্রিজ গ্রাহকের হাতে তুলে দিতে সক্ষম হচ্ছি।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের এসব ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাবেন ক্রেতারা।












