আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর ঘোষণা দিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ কার্যক্রমের আওতায় ওয়ালটনের নির্দিষ্ট পণ্য কিনে ক্রেতারা আবারো মিলিয়নেয়ার হওয়ার সুযোগ পাবেন।

রাজধানীতে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আজ এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম ও ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে যুক্ত জাতীয় দলের পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটি জানায়, ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ঈদুল আজহা পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে। এ সময়ে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা বিভিন্ন সুবিধা পাবেন।

ক্যাম্পেইনের আওতায় পণ্য ক্রয়ের পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও সংশ্লিষ্ট পণ্যের বারকোড ডিজিটালভাবে নিবন্ধন করা হবে। এরপর স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে ক্রেতাদের জানিয়ে দেয়া হবে তারা ১০ লাখ টাকা, বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার বা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিসহ নিশ্চিত উপহার পেয়েছেন কি-না। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম থেকে এসব উপহার সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন সবসময় ক্রেতাবান্ধব ব্র্যান্ড হিসেবে বড় উৎসবগুলোকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। ডিজিটাল ক্যাম্পেইনের আগের বিভিন্ন সিজনে ওয়ালটন পণ্য কিনে ৪৪ জন ক্রেতা মিলিয়নেয়ার হয়েছেন। -বিজ্ঞপ্তি