নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ (ডিইএমএল) আয়োজিত দুদিনব্যাপী ডিইএমএল উইন্টার ফেস্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১০ ডিসেম্বর সকাল ১০টায় উৎসবের কার্যক্রম শুরু হয়। সকাল ১১টা ৩০ মিনিটে বেলুন ওড়ানোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম, উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম এবং ডিইএমএল বিভাগের চেয়ার ড. নাজিয়া মঞ্জুর।
উদ্বোধনের পর অতিথি ও শিক্ষার্থীরা বিভিন্ন স্টল, হস্তশিল্প, সৃজনশীল কাজ ও ইন্টারঅ্যাকটিভ এক্সিবিশন ঘুরে দেখেন। এ সময় উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও লেখালেখিতে উৎসাহিত করবে। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম শিক্ষার্থীদের হাতে তৈরি সৃজনশীল কাজের প্রশংসা করেন।
উৎসবের একাডেমিক পর্বে সমকালীন সাহিত্য, অনুবাদ তত্ত্ব, লেখালেখি ও প্রকাশনার প্রক্রিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিবব্রত বর্মণের সৃজনশীল লেখালেখির ওয়ার্কশপ, মোরশেদ মিশুর ক্যারিকেচার ওয়ার্কশপ ও শায় তাই-এর লাইভ ক্যারিকেচার সেশন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।
অনুষ্ঠানে আরো ছিল দাহলিয়া আহমেদের কবিতা আবৃত্তি, আমিন হান্নানের স্ট্যান্ড-আপ কমেডি পরিবেশনা ও মোহাম্মদ তৌকির ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেলুপী প্রদর্শনী।
১১ ডিসেম্বর দ্বিতীয় দিনে নতুন মিডিয়ায় নারীর বয়ান, থিয়েটারের পরিবর্তনশীল রূপ, জেন–জেড প্রজন্মের লেখকসত্তা ও প্রান্তিক অঞ্চল থেকে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। দিনজুড়ে রিকশা পেইন্টিং প্রদর্শনী, ফেস আর্ট, পেইন্টিং কার্যক্রম ও কসপ্লে সেগমেন্ট দর্শকদের আকর্ষণ করে।
বিকেল ৪টায় শুরু হয় সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পর্ব। এতে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। সমাপনী সঙ্গীতানুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও ব্লু জিন্স পরিবেশনা করে। -বিজ্ঞপ্তি















