নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

অনুষ্ঠানে স্নাতক ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৩ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেয়া হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খালিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ ছাড়া বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম ও বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। অনুষ্ঠানে স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসসহ বিভিন্ন স্কুলের ডিনরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খালিলুর রহমান শিক্ষার্থীদের প্রশ্ন করতে ও সৃজনশীল শিক্ষায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ নেতৃত্বে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, এনএসইউ শিক্ষার্থীদের দায়িত্বশীল, নৈতিক ও সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ডিগ্রি অর্জনের পাশাপাশি ভালো মানুষ হয়ে ওঠাও শিক্ষার্থীদের জন্য সমান গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থীদের পরিবার ও দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি