মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতকে আরো নিরাপদ ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি মাঠপর্যায়ে এজেন্ট ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বিকাশ আয়োজিত ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধ’ শীর্ষক কর্মশালা।
সাতক্ষীরা জেলা পুলিশ ও বিকাশ-এর যৌথ উদ্যোগে জেলার শুশীলন, টাইগার পয়েন্ট কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ৫০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও স্থানীয় পুলিশ সদস্য। কর্মশালায় এমএফএস সেবাকে নিরাপদ রাখতে করণীয়, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কার্যকর সমন্বয়, নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম, সাতক্ষীরা জেলা পুলিশ এও বিকাশ-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
দিনব্যাপী এ কর্মশালায় ভিডিও বার্তা, বাস্তব ঘটনার বিশ্লেষণ ও আলোচনা মাধ্যমে এজেন্টদের নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হয়। একই সঙ্গে এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে বিকাশ-এর গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
বিকাশ জানায়, প্রতিষ্ঠানটি সব ধরনের আইন মেনে তার প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এএমএল৩৬০ অ্যাপ-এর মাধ্যমে এজেন্টদের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হয়। কোনো ব্যত্যয় ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।
-বিজ্ঞপ্তি













